তরুণদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধতরুণদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন, “গণতান্ত্রিকভাবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া জাতির সামনে কোনো বিকল্প নেই।” আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে বড়েঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজাদ বলেন, “বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর রক্ত ও ত্যাগ স্বীকার করেছে ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। এখন সেই অধিকার ফিরিয়ে আনার পরিবেশ তৈরি হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে জনগণের অধিকারও প্রতিষ্ঠিত হবে না।”

তিনি অভিযোগ করে বলেন, “১৫ বছরের ইতিহাস হলো গুম, খুন ও লুণ্ঠনের ইতিহাস। ভোটের অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। এখনো ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে।”

বিএনপির এই কেন্দ্রীয় নেতা তরুণ সমাজকে নতুন বাংলাদেশ গড়ার অগ্রদূত হিসেবে উল্লেখ করে বলেন, “জুলাই-আগস্টের গণআন্দোলনে তরুণ প্রজন্মের নেতৃত্বেই জাতি ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হবে এবং দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই হবে প্রধান কাজ।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ বলেন, “বিএনপি জনগণের দল। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে নেতাকর্মীদের দোরগোড়ায় যেতে হবে।”

সমাবেশে বক্তারা দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নারী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।