বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে মত দিয়েছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (অ্যানফ্রেল)। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রোহানা এন. হেত্তিয়ারাচ্চি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তরুণ ও নারী ভোটারদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। এছাড়া ভোট গণনা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার আহ্বান জানান। নির্বাচনি প্রচারণায় ব্যয় সম্পর্কে জনগণকে তথ্য সরবরাহ করার পরামর্শও দেন তিনি। নতুন সরকারের দায়িত্ব হবে জুলাই সনদ বাস্তবায়ন করা।
এর পাশাপাশি, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করেছে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)। কমিশনার পাভেল আন্দ্রিভ নেতৃত্বে প্রতিনিধি দল ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় সফর করে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেন।
পর্যবেক্ষকরা জানিয়েছেন, ভোটগ্রহণে কর্মকর্তাদের প্রস্তুতি ছিল দৃঢ় এবং ভোটারদের আগ্রহও ছিল উল্লেখযোগ্য। প্রতিটি কেন্দ্রে জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা প্রস্তুত ছিলেন এবং পোলিং অফিসাররা দলীয় পোলিং এজেন্টদের সঙ্গে সমন্বয় রেখে স্বচ্ছতা ও তদারকি নিশ্চিত করেছেন।
