দিনাজপুরের বিরামপুর উপজেলায় কলেজছাত্রীকে (১৮) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় ছাত্রদলের বহিষ্কৃত এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল ৩টার দিকে বিরামপুর পৌরসভার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ আবদুল্লাহ (৩৫) ছাত্রদলের বিরামপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। ধর্ষণচেষ্টার অভিযোগে মামলার পর গত বছরের ২৫ জুলাই ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) সাজেদুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২২ জুলাই ওই ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার পর থেকে আসামি আবদুল্লাহ পলাতক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জুলাই সকালে ওই ছাত্রী বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। পথে বিরামপুর পৌর শহরের একটি বিদ্যালয়ের সামনে আবদুল্লাহ ওই ছাত্রীর পথ রোধ করেন। এ সময় তার ঘাড়ে থাকা ব্যাগ ও পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করেন এবং কুপ্রস্তাব দেন। এতে রাজি না হলে আবদুল্লাহ জড়িয়ে ধরেন। তখন ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আবদুল্লাহ পালিয়ে যান।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ‘কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মোহাম্মদ আবদুল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। আজ বিকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’