শ্রীলঙ্কার উপকূলে ইরানের মাঝারি আকারের রণতরী ডুবিয়ে দেওয়ার কথা জানিয়েছে পেন্টাগন। বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, একটি মার্কিন সাবমেরিন ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজে টর্পেডো নিক্ষেপ করে ডুবিয়ে দিয়েছে।

সাংবাদিকদের পিট হেগসেথ বলেন, আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল একটি ইরানি যুদ্ধজাহাজ। কিন্তু সেটিকে একটি টর্পেডো দিয়ে ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন।

পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীলঙ্কার উপকূলের কাছে বুধবার আইআরআইএস দেনা নামে মাঝারি আকারের রণতরীটি ডুবে যাওয়ায় প্রায় ১৫০ জন নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

রয়টার্স জানিয়েছে আহতের সংখ্যা অন্তত ৭৮ জন। বুধবার সকালে জাহাজটি থেকে বিপদসংকেত পাওয়ার পর শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণাঞ্চলের গল উপকূলের কাছে থেকে জাহাজটি বিপদসংকেত পাঠায়। আহতদের গলে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ঘটনার সময় জাহাজটিতে অন্তত ১৮০ জন ছিলেন। যুদ্ধজাহাজটি ভারতে আয়োজিত বহুজাতিক নৌ-মহড়া এবং নৌবহর পর্যালোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছিল। অনুষ্ঠানটি ভারতের ভিশাখাপত্তনম শহরে হয়।