ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টুকচাঁনপুর এলাকায় দিন দিন উদ্বেগজনক হারে বেড়েছে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছু অসাধু চক্র প্রকাশ্যে মাদক সেবন ও কেনাবেচা করছে, যার ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়রা জানায়, চম্পকনগর বাজারের ব্রীজের দক্ষিণ পাশে টুকচাঁনপুর সিএনজি স্টেশন হওয়ায় মাদকাসক্তরা নিরাপদে আস্তানা গেড়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের ভয়ে স্থানীয়রা আতংকিত। প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনে বাধা প্রদান করায় উক্ত স্থানে একাধিকবার মারপিটের ঘটনা ও ঘটেছে। মাদকাসক্তদের আনাগোনা বৃদ্ধি হওয়ায় গরু চুরি, দোকানের মালামাল চুরিসহ প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

স্থানীয়রা আরও জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এলাকার বিভিন্ন নির্জন স্থান, রাস্তার মোড় ও বাজারসংলগ্ন এলাকায় মাদকসেবীদের আনাগোনা লক্ষ্য করা যায়। এতে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

একাধিক বাসিন্দা বলেন, “আমরা চাই প্রশাসন নিয়মিত টহল জোরদার করুক এবং মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুক। তরুণ সমাজকে রক্ষা করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করেন, মাদকবিরোধী অভিযান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের তদারকি বাড়ানো হলে পরিস্থিতির উন্নতি সম্ভব। তারা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের আটক করে টুকচাঁনপুরকে মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা হোক।