
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরান যদি “নিঃশর্ত আত্মসমর্পণ” না করে তবে তাদের সঙ্গে কোনো চুক্তি হবে না।’
শুক্রবার (৬ মার্চ) তিনি এ মন্তব্য করেন। আল-জাজিরা ও ইরানি গণমাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে বলেন, ‘ইরান আত্মসমর্পণ করার পর এবং সেখানে গ্রহণযোগ্য ও ভালো নেতৃত্ব নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা মিলে ইরানকে আবার উন্নয়নের পথে ফিরিয়ে আনতে কাজ করবে।’
ট্রাম্প আরও জানান, তখন তারা চেষ্টা করবে ইরানকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে আরও বড়, ভালো ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা চলছে। তবে তিনি বলেন, ‘আলোচনায় অবশ্যই যারা এই সংঘাতের সূচনা করেছে তাদের জবাবদিহি করতে হবে।’
এর মধ্যেই ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর নেতৃত্ব কমপ্লেক্সের নিচে নির্মিত একটি ভূগর্ভস্থ বাঙ্কারে হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে। ইসরায়েলের দাবি, বাঙ্কারটি এখনো ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা ব্যবহার করছিলেন।
ইসরায়েলি জেটগুলি রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের পাশাপাশি দক্ষিণ ও পূর্ব লেবাননের শহরগুলিতে বোমাবর্ষণ করেছে।
শনিবার থেকে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় কমপক্ষে ১ হাজার ৩৩২ জন নিহত হয়েছেন। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্ড শহরে দুটি স্কুল ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলের তেল আবিব বৃহস্পতিবার গভীর রাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।
