ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের প্রধান প্রবেশদ্বার ‘বেন গুরিয়ন’ বিমানবন্দর লক্ষ্য করে শক্তিশালী খোররামশাহর-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
প্রায় ১৫০০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের ভেতরে থাকা ইসরায়েলি বিমানবাহিনীর একটি ঘাঁটিতে আঘাত হেনেছে বলে দাবি তেহরানের।
একই সঙ্গে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটির প্রায় ২০টি লক্ষ্যবস্তুতেও হামলা করা হয়েছে।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে আইআরজিসি।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি, তারা ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে আইআরজিসি, বাসিজ বাহিনী ও ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের আজাদি স্টেডিয়ামের ভেতরের একটি বড় স্পোর্টস হল হামলায় ধ্বংস হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কিছু পানি ও বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের শহিদ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন। অন্যদিকে কুয়েতে একটি মার্কিন কমান্ড সেন্টারে ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে পেন্টাগন।

ইসরাইলেও কয়েকটি হামলায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।