লেবানন সীমান্তে হামলায় ইসরায়েলি অর্থমন্ত্রী বেজেলাল স্মোটরিচের ছেলে আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (০৬ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে এ সংক্রান্ত একটি ভিডিও যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে হয়েছে অর্থমন্ত্রী বেজেলাল স্মোটরিচের ছেলে লেবানন সীমান্তে আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।

এদিকে ইরান থেকে নিজেদের কূটনীতিকদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আজারবাইজান। নিরাপত্তা উদ্বেগের কারণে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী যেহুন বায়রামুভ জানিয়েছেন, কূটনীতিকদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের একদিন আগে আজারবাইজানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইরান থেকে আসা চারটি ড্রোন দেশটির সীমান্ত অতিক্রম করে নাখচিভান অঞ্চলে প্রবেশ করে। এতে অন্তত চারজন আহত হন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আজারবাইজানের দূতাবাস এবং তাবরিজে থাকা কনস্যুলেট জেনারেল থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, আজারবাইজানের দিকে কোনো ড্রোন হামলা চালানো হয়নি। ইরানের সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে, বিশেষ করে মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আজারবাইজানের দিকে কোনো ধরনের ড্রোন উৎক্ষেপণ করা হয়নি। যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলেও জানিয়েছে তারা।