
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে আবারও ভূমিকম্পে কাঁপল পশ্চিম এশিয়ার দেশ ইরান। স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) সকালে হরমুজ প্রণালীর কাছে ও দেশটির বন্দর আব্বাসের পশ্চিমে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুসারে, ভূমিকম্পটি উৎপত্তিস্থল বন্দর আব্বাসের ৭৪ কিলোমিটার পশ্চিমে ও ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
এর আগে, মঙ্গলবারও ইরানের দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইরানের ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত গেরাশে এবং ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে।
গত সপ্তাহের শুরুতে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইসলামিক প্রজাতন্ত্রের উপর হামলা শুরু করে। মধ্যপ্রাচ্যজুড়ে প্রতিশোধমূলক হামলা শুরু করে ইরান। সেসময় থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের তীব্র পর্যায়ের মধ্যে এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে রাতারাতি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়। উত্তেজনা অব্যাহত থাকায় কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ ইরানের প্রতিশোধমূলক হামলার শিকার হয়।
গত বৃহস্পতিবার দুবাই ও কাতারের বাসিন্দারা তাদের মোবাইল ফোনে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্কবার্তা পেয়েছিলেন, যা পরে বাতিল করা হয়েছিল।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, উত্তপ্ত সংঘাত শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের প্রধান শহরগুলোতে বিস্ফোরণ ঘটছে। ইরানে কমপক্ষে ১ হাজার ৩০০ জন, লেবাননে ২০০ জনেরও বেশি এবং ইসরায়েলে প্রায় এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
