
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া শহরে মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত সাগর পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর প্রায় ১টার দিকে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে এসে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে।
আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের ছোট ভাই জানান, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে প্রবাল, ভিকি ও বিজয় নামের কয়েকজন সাগরকে মারধর করে এবং তাকে হুমকি দিয়ে যায়। স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত প্রবাল নিহত সাগরের ঘনিষ্ঠ বন্ধু ছিল।
তারা উভয়েই দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মাদক নিয়ে বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
নিহত সাগরের পরিবার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এদিকে স্থানীয়দের একটি অংশের অভিযোগ, কুষ্টিয়ার সদ্য বিদায় নেওয়া জেলা প্রশাসক ইকবাল হোসেনের অপসারণের পর থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে এবং অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে।
