নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) ভোর ৬টায় উপজেলার জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা আরো দুই ছিনতাইকারী পালিয়ে যান। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানতে পারেনি।

পুলিশ জানায়, আজ ভোরের দিকে মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী এসে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের আটক করেন। এসময় দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও একজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের মোটরসাইকেলটি পুড়িয়ে দেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল সম্পন্ন করে মরদেহ মর্গে পাঠানো হবে।