
ইরানের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, প্রয়োজনে উপসাগরীয় (গালফ) দেশগুলোতেও হামলা চালানো হতে পারে, যাতে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ থেকে সরে আসতে চাপ দেয়।
তেহরানে সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি উপদেষ্টা কামাল খারাজি বলেন, ‘এখন আর কূটনৈতিক আলোচনার সুযোগ খুব কম।’
তিনি বলেন, ‘ট্রাম্প আগেও প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। দুইবার আলোচনার সময়েও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। তাই বর্তমানে তারা আলোচনায় বিশ্বাস করছে না।’
খারাজি আরও বলেন, ‘যুদ্ধ তখনই শেষ হতে পারে যখন অর্থনৈতিক চাপ এত বেশি হবে যে অন্য দেশগুলো হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে বাধ্য করবে।’
তিনি ইঙ্গিত দেন, উপসাগরীয় আরব দেশসহ অন্যান্য দেশ যদি যুক্তরাষ্ট্রের ওপর চাপ দেয়, তাহলে যুদ্ধ থামতে পারে।
‘এই যুদ্ধের ফলে অনেকের ওপর চাপ সৃষ্টি হচ্ছে- অর্থনৈতিক চাপ। যেমন: মুদ্রাস্ফীতি বাড়ছে, জ্বালানির ঘাটতি দেখা দিচ্ছে। তাই যদি যুদ্ধ চলতেই থাকে, এই চাপ আরও বাড়বে। ফলে অন্যদের হস্তক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, বলেন তিনি।
