আয়শা নামে ৮ বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

টাঙ্গাইলের নাগরপুরে আট বছরের এক শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। হত্যার শিকার শিশুর নাম আয়শা আক্তার। সে উপজেলার মামুদনগর ইউনিয়নের পোস্টকামারী গ্রামের মো. হাসেম মিয়ার মেয়ে।

রোববার (৮ মার্চ) বিকেলে ভিকটিমের প্রতিবেশী ওই গ্রামের বাহাদুর মিয়ার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদকাসক্ত আজমির হোসেন (১৯) নামে এক যুবককে পুলিশ আটক করেছে।

নিহতের মা জানায়, দুপুর আড়াইটার দিকে তার মেয়ে আয়শা বাড়ির পাশে বাহাদুর মিয়ার বাড়ির পেছনে খেলছিল। এর ঘণ্টাখানেক পর মেয়ের চাচা মো. ফজলু মিয়া মাঠে কাজ করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে ভাতিজিকে পড়ে থাকতে দেখে তার পরিবারকে জানায়। পরে স্বজনরা শিশুর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

নিহতের মা আরও জানান, তার মেয়ে আয়শার পায়ে নূপুর ছিল। লাশ উদ্ধারের সময় তা পাওয়া যায়নি। প্রতিবেশী মাদকাসক্ত আজমির হোসেন (১৬) নেশার টাকার জন্য শিশুটিকে হত্যা করে নূপুর নিয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নাগরপুর থানার ওসি মো. মুরাদ হাসান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

Dhaka Digit