গুদামজাত তেল উদ্ধার অভিযান

যশোরের চৌগাছা উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে গুদামজাত করে রাখা ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এই অপরাধে মোট লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেলে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান এই অভিযান পরিচালনা করেন।

এসময় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করার অপরাধে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে একই বাজারের রুহুল আমিন নামে অন্য ব্যবসায়ীকে ওজন ও পরিমাণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ এই জ্বালানি তেল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিজাম উদ্দিন নামে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন। এসময় ২৮ ব্যারেল (প্রতি ব্যারেলে ২০০ লিটার) ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করেন।

এছাড়া, বিকেলে চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে চৌগাছা শহরের চৌগাছা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজন ও পরিমাণ আইনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ‘জব্দ করা তেল মিনা ফিলিং স্টেশন ও আর এস ফিলিং স্টেশনে বিক্রির জন্য রাখা হয়েছে। সেখানে ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে ওই টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।’