
ইরানে চলমান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, ইরানে আক্রমণ করার মতো গুরুত্বপূর্ণ আর কোনো লক্ষ্যবস্তু কার্যত বাকি নেই।
মাত্র পাঁচ মিনিটের ওই ফোনালাপে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘যুদ্ধের এখন সামান্য কিছু এদিক-সেদিক বাকি আছে। আমি যেকোনো সময় চাইলে এটি শেষ হবে এবং এটি শিগগিরই শেষ হতে যাচ্ছে।’
ট্রাম্পের দাবি, সামরিক অভিযানটি তার লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি সফল হয়েছে। তিনি বলেন, ‘যুদ্ধ দারুণভাবে এগিয়ে যাচ্ছে। আমরা সময়সীমার চেয়ে অনেক এগিয়ে আছি। এমনকি ছয় সপ্তাহের যে মূল পরিকল্পনা ছিল, আমরা তার চেয়েও অনেক বেশি ক্ষয়ক্ষতি করতে পেরেছি।’
তবে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের অভ্যন্তরীণ অবস্থানে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ আজ সাফ জানিয়েছেন, এই যুদ্ধের কোনো সময়সীমা নেই। যতক্ষণ প্রয়োজন এবং যতক্ষণ না আমরা সব লক্ষ্য অর্জন করে চূড়ান্ত জয় নিশ্চিত করছি, ততক্ষণ অভিযান চলবে।
