
বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। সর্বশেষ মন্ত্রীসভার বৈঠকে শিক্ষার্থীদের জামানত ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী নুরুল হক নুর এক আলোচনা অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি এ উদ্যোগ বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা অর্জন সহজ হবে, আর্থিক বাধা কমবে এবং বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া দ্রুত হবে। শিক্ষার্থীরা জামানত ছাড়াই এই সুবিধা পাবেন।
তিনি আরও জানান, সরকারের পরিকল্পনায় প্রয়োজন অনুযায়ী প্রার্থীদের জন্য সুদে ঋণ সুবিধা যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। নুরুল হক নুর বলেন, সরকারের এই পদক্ষেপ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণে উৎসাহিত করবে এবং দেশের মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে।
যেসব শিক্ষার্থী বিদেশে পড়াশোনার সময় ব্যাংক সলভেন্সি বা দায়িত্বশীল গ্যারান্টি দেখানোর প্রয়োজনীয়তার কারণে সমস্যায় পড়েন, মূলত সেই শিক্ষার্থীদের সহায়তার জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
