ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে ৫৮ জন বাসিন্দা আহত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার ভোরে (গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত) এ হামলা চালায় ইরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, উত্তর ইসরায়েলের শহর জারজিরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করে। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ও আগুন লেগে যায়। এরপর তারা সেখানে উদ্ধারকাজে অংশ নেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এর পরপরই হামলার ঘটনায় এ ক্ষয়ক্ষতি ঘটে।

ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী একজন নারী রয়েছেন। তার পিঠে স্প্লিন্টার লেগেছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, তাদের প্যারামেডিকরা মোট ৫৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।