
যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের এমন মুসলিম দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই কমবেশি আক্রান্ত হলেও মুসলিম বিশ্বের অন্য দেশগুলো পরিস্থিতি কেবল চেয়ে চেয়ে দেখছে বলেই মনে হচ্ছে।
মুসলিম-সংখ্যাগরিষ্ঠ কোনো দেশই ইরানকে সাহায্য করতে এগিয়ে আসছে না, বরং অনেকে দেশটিকে হুমকি হিসেবেও দেখছে।
মুসলিম দেশগুলো তথাকথিত ‘প্যান-মুসলিম’ বা বৃহত্তর মুসলিম সংহতির কথা বারবার প্রচার করলেও সাম্প্রদায়িক বৈপরীত্য, পারস্পরিক অবিশ্বাস, নিজ নিজ জাতীয় স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতার মতো বাস্তব পরিস্থিতিরও মুখোমুখি।
একইসাথে, একটি অনিশ্চিত পরিণতির যুদ্ধে জড়িয়ে পড়ার ব্যাপারেও তাদের মধ্যে চরম অনীহা লক্ষ্য করা যাচ্ছে।
দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতার সাথে আরব বিশ্বের কাছে নিজেদেরকে ইসলামি সংহতির রক্ষক এবং সকল মুসলিমের জন্য একটি মানবিক বার্তার বাহক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে তেহরান।
কিন্তু আজ সেই ইরানই রমজান মাসের মাঝখানে আরব দেশগুলোর ওপর হামলা চালাচ্ছে, বলছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ইয়াসমিনা আসরাগিস।
পারমাণবিক শক্তি অর্জনের মধ্য দিয়ে একটি আঞ্চলিক প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় ইরান। ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর থেকে প্রতিবেশী আরব দেশগুলোতেও ইরান হামলা চালাচ্ছে।
যা সাম্প্রতিক বছরগুলোতে ইরানের অন্যতম বড় কৌশলগত ভুল বলেই মনে করা হচ্ছে।
