
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনার দাবি করলেও তা সরাসরি অস্বীকার করেছে ইরান। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের সমঝোতার প্রশ্নই ওঠে না। উল্টো ট্রাম্পের বক্তব্যকে ব্যর্থতা আড়াল করার চেষ্টা বলেও মন্তব্য করেছে তারা।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তারা বলেছে, কোনও ধরনের সমঝোতার প্রশ্নই নেই।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, ‘তোমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এতটাই বেড়েছে যে নিজেদের সঙ্গেই আলোচনা করতে হচ্ছে?’
ফার্স সংবাদ সংস্থায় প্রকাশিত ওই বিবৃতিতে তিনি আরও বলেন, ‘নিজেদের ব্যর্থতাকে চুক্তি বলে আখ্যা দিও না’। জোলফাঘারি দাবি করেন, ‘আমাদের ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত তেলের দাম আগের অবস্থায় ফিরবে না, আগের ব্যবস্থাও ফিরবে না।’
তিনি আরও বলেন, ‘এটা তখনই সম্ভব হবে, যখন ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার চিন্তাই তোমাদের মন থেকে পুরোপুরি মুছে যাবে। শুরু থেকেই আমাদের অবস্থান স্পষ্ট— আমাদের মতো কেউ তোমাদের মতো কারও সঙ্গে আপস করবে না। এখন নয়, কখনোই নয়।’
