পারস্য উপসাগরের নীল জলরাশি এখন রীতিমতো ফুটন্ত কড়াই! মার্কিন নৌবাহিনীর গর্ব, নিমিটজ-ক্লাসের দানবীয় রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এখন ইরানি মিসাইলের নিশানায়।

বুধবার ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানান, এই শত্রু রণতরী যদি ইরানের মিসাইলের নাগালে আসে, তবে তাকে সাগরের তলদেশে পাঠিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না তেহরান।

অ্যাডমিরাল ইরানি বেশ দাপটের সঙ্গেই ঘোষণা করেছেন, মাউন্ট ডেনার মতোই আমরা অটল। আমরা মজলুমের আশা আর শত্রুর চোখের কাঁটা। শুধু মুখে বলেই ক্ষান্ত হয়নি ইরান; তাদের দাবি, ইতিমধ্যে ‘গাদির’ ক্রুজ মিসাইল দিয়ে আব্রাহাম লিংকন ক্যারিয়ার গ্রুপকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এই হামলার মুখে মার্কিন নৌবহরটি উপসাগর থেকে লেজ গুটিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। অপারেশনাল কমান্ড পোস্ট থেকে এই মার্কিন রণতরীকে গুঁড়িয়ে দেয়ার চূড়ান্ত নির্দেশও ইতিমধ্যে জারি করা হয়েছে।

ঘটনাপ্রবাহ বলছে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল-আমেরিকা জোট ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার আগে থেকেই আব্রাহাম লিংকন এই অঞ্চলে ওত পেতে ছিল। কিন্তু যুদ্ধের ২৬তম দিনে এসে পাশা উল্টে গেছে। ইরানের দাবি, গত কয়েক দিনের পাল্টা হামলায় মার্কিন এই রণতরীটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পিছু হটতে বাধ্য হয়েছে।

পারস্য উপসাগরে নিজেদের একচ্ছত্র আধিপত্য এবং হরমুজ প্রণালির ওপর ‘ইন্টেলিজেন্ট কন্ট্রোল’ বা বুদ্ধিদীপ্ত নিয়ন্ত্রণের কথা মনে করিয়ে দিয়ে অ্যাডমিরাল ইরানি বলেন, শহীদদের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমাদের এই দাপট থামবে না।

আপাতত মাঠের খবর হলো, আঞ্চলিক সামরিক অবকাঠামো ধ্বংস করে ইরান এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে, আর মার্কিন ‘সুপার ক্যারিয়ার’ আব্রাহাম এখন ইরানি মিসাইলের হাত থেকে বাঁচার পথ খুঁজছে।

তথ্যসূত্র: প্রেস টিভি