
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অষ্টমীর মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের কমপক্ষে ৪-৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ (২৬ মার্চ) আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাঠিয়ামারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে অষ্টমীর স্নানকে ঘিরে অনুষ্ঠিত মেলার কাছেই এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মো. জুয়েল মিয়া(২৩) নামে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত অপর লোকদের পরিচয় এখনো জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী জানান, অষ্টমীর স্নান উৎসবকে ঘিরে লাঠিয়ামারি বাজারে প্রতিবছরের ন্যায় এবারও মেলা অনুষ্ঠিত হয়। মেলা থেকে একটু দূরে ব্রহ্মপুত্র নদের পাড়ে জুয়া খেলার বোর্ড বসে। এনিয়ে রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া ও লাঠিয়ামারি এলাকার কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরে সেই সংঘর্ষ বড় আকার ধারণ করে। এতে অন্তত ৪-৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে লাঠিয়ামারি এলাকার জুয়েল নামে একজনের অবস্থা গুরুত্বর।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে মারামারি হয়েছে ঘটনা সত্য। কিন্তু সেটা লাটিয়ামারির অষ্টমীর মেলা থেকে অনেকটা দূরে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জুয়েল নামে এক ছেলে আহত হয়েছে। তাকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। মেলায় জুয়ার বোর্ড বসানো সম্পূর্ণ নিষিদ্ধ। এবারের অষ্টমীর মেলায় জুয়ার বোর্ড বসানোর চেষ্টা করা হলে থানা-পুলিশের সহযোগীতায় সেগুলো জব্দ করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, অষ্টমীর মেলায় জুয়া খেলা কিংবা জুয়া খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহতের কোন খবর ও লিখিত অভিযোগ আমরা এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
