One person dies while collecting petrol at a pump in Dinajpur

জ্বালানি তেল সংগ্রহের জন্য দিনাজপুরের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে স্ট্রোক করে এনায়েতুল করিম (৪৮) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে কাহারোল উপজেলার আছমা লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত এনায়েতুল করিম পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর (সাহাপাড়া) গ্রামের মৃত মোজাম্মেল হক মাস্টারের ছেলে। তিনি একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন।

জানা গেছে, এনায়েতুল করিম তার শ্বশুরবাড়ি কাহারোল উপজেলার ইছাইল গ্রামে বেড়াতে আসেন। মোটরসাইকেলে তেল কম থাকায় তিনি পার্শ্ববর্তী আছমা লতিফা ফিলিং স্টেশনে তেল নিতে যান। সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, এনায়েতুল করিম আগে থেকেই উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। পাম্পে তেল সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।