পাম্পের ভেতর বাঁশের খুটির সঙ্গে সাঁটানো ‘তেল নেই’ নোটিশ। গ্রাহকরে জন্য এমন নোটিশ সাঁটিয়ে পাম্প বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। অভিযানে এসে পাম্পে ৯ হাজার ৭৮৩ লিটার তেল মজুত পায় প্রশাসন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মেসার্স বার্দাস এন্ড সিস্টার্স ফিলিং স্টেশনের সংরক্ষিত ট্যাংকে মজুত রাখা এসব জ্বালানি তেল উদ্ধার করে উপজেলা প্রশাসন।

এ ঘটনায় মেসার্স বার্দাস অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল থেকে পাম্প কর্তৃপক্ষ ‘তেল নেই’ নোটিশ সাঁটিয়ে বিক্রি বন্ধ করে দেয়। খবর পেয়ে অভিযানে গিয়ে পাম্পের সংরক্ষিত ট্যাংকে ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি মজুত পাওয়া যায়। এর মধ্যে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৪ হাজার ৬৫৫ লিটার অকটেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে এভাবে মজুতদারির মাধ্যমে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।