যুক্তরাষ্ট্রের ব্যাংকনোটে প্রথমবারের মতো যুক্ত করা হচ্ছে দেশটির প্রেসিডেন্টের স্বাক্ষর। ১৬৫ বছরের প্রথা ভেঙে এই প্রথম দেশটির কাগুজে মুদ্রায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর যুক্ত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী জুন মাস থেকে নতুন নকশার ১০০ ডলারের নোট ছাপানো শুরু হবে এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে তা বাজারে ছাড়া হবে। এই নতুন মুদ্রায় প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের পাশাপাশি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্তের স্বাক্ষরও থাকবে।

মার্কিন অর্থ দপ্তর কর্তৃক ঘোষিত এই পদক্ষেপটি কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের জন্য প্রথম। আল-জাজিরার প্রতিবেদন সূত্রে জানা গেছে, আগামী ৪ জুলাই দেশটির স্বাধীনতা দিবসের ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পের স্বাক্ষর করা মুদ্রা দেখা যাবে।

এখন পর্যন্ত, মার্কিন ব্যাংকনোটগুলোতে– যেগুলো ১, ২, ৫, ১০, ২০, ৫০ এবং ১০০ ডলার মূল্যমানের নোটে বিভক্ত – ট্রেজারি সেক্রেটারি এবং ট্রেজারারের স্বাক্ষর থাকতো।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ত বলেছেন, ‘ট্রাম্প দেশকে “অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি” এবং “রাজস্ব শক্তি ও স্থিতিশীলতার” পথে চালিত করেছেন এবং এই পরিবর্তনটি তার “ঐতিহাসিক অর্জনকে” স্বীকৃতি দেবে।