নীলফামারীর জলঢাকায় যাত্রীবেশে অটোভ্যানে উঠে মমিনুর ইসলাম (১৭) নামে এক ভ্যানচালককে হত্যা করে বাহনটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকার একটি সেচ ক্যানেল সংলগ্ন ধানক্ষেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত মমিনুর ইসলাম জলঢাকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে পড়ালেখার পাশাপাশি বাবার অটোভ্যানটি চালিয়ে পরিবারকে সহায়তা করত।


পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় মমিনুর। রাত গভীর হলেও সে বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয়রা ক্যানেলের পাশে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মমিনুরের মরদেহ উদ্ধার করে।


জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোর চালককে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে দুর্বৃত্তরা অটোভ্যানটি নিয়ে পালিয়েছে।


তিনি আরও বলেন, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”