গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক ভাড়াটিয়া নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে বাড়ির উঠান থেকে একটি কাটা পুরুষাঙ্গ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী এলাকার একটি বসতবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কবিতা বেগম (২৫) সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে। তিনি কিছুদিন ধরে ঢোলভাঙ্গা বাজার সংলগ্ন পার আমলাগাছী গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতরে বিছানার ওপর কবিতা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। একই সময় বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ারে আলম জানান, ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।