
বগুড়ার শেরপুর উপজেলায় তিন ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন যাদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার রাত আটটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র এবং হাইওয়ে পুলিশের তথ্যমতে একটি খালি ট্রাক মহাসড়কের ওপর ঘোরানোর চেষ্টা করার সময় পেছন থেকে আসা একটি আলু বোঝাই ট্রাকের সাথে এর সংঘর্ষ হয়।
ঠিক সেই মুহূর্তে ঢাকাগামী এসআই পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শেরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।
তারা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। আহত ১৫ জনের মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এই দুর্ঘটনার ফলে ঢাকা-বগুড়া মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহনের যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন যে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। বর্তমানে সার্ভিস লেন দিয়ে অত্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে যাতে জনদুর্ভোগ কমানো যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় মহাসড়ক থেকে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সরানোর প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
