
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেছেন, কিছু মিত্র দেশ কিয়েভকে রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছে।
তিনি জানান, সম্প্রতি সহযোগী দেশগুলোর পক্ষ থেকে এমন বার্তা এসেছে, যেখানে রাশিয়ার তেল ও জ্বালানি খাতে ইউক্রেনের প্রতিক্রিয়ামূলক হামলা কমানোর কথা বলা হয়েছে। জেলেনস্কি একটি ভয়েস নোটে সাংবাদিকদের এ তথ্য দেন।
তবে কারা এই অনুরোধ জানিয়েছে, তা তিনি নির্দিষ্ট করেননি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, কিয়েভ সম্ভবত এ অনুরোধ মানবে না।
জেলেনস্কি বলেন, ‘আমি আবারও বলছি—রাশিয়া যদি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধ করতে প্রস্তুত থাকে, তাহলে আমরাও তাদের জ্বালানি খাতে পাল্টা হামলা করব না।’
তিনি আরও বলেন, ইউক্রেন ‘যেকোনো যুদ্ধবিরতির জন্য প্রস্তুত’।
জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেনের শহর ও জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালিয়ে আসছে, যার ফলে শীতের মৌসুমে লাখো মানুষ বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় রয়েছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পর রাশিয়ার জ্বালানি তেলের আয়ের ওপর চাপ তৈরি করতে ইউক্রেন দেশটির জ্বালানি স্থাপনায় হামলা বাড়িয়েছে। গত এক সপ্তাহে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার একাধিক তেল শোধনাগার ও রফতানি টার্মিনালে হামলা চালিয়েছে বলেও দাবি করা হয়েছে।
