গেল ৪৮ ঘণ্টায় কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের হাম ওয়ার্ডে ৪০ শিশু ভর্তি রয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজও হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া হিরা মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে গতকালও একজনের মৃত্যু হয়। তবে শিশু দুটি শুধু হামে আক্রান্ত ছিল না। তারা নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতাও ছিল। পাশাপাশি সে আগে থেকেই অপুষ্টিতে ভুগছিল।

তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর জানান, শিশুটি হামের পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত ছিল এবং চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।

হাসপাতাল সূত্র জানায়, আজও নতুন করে ১১ শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। বর্তমানে মোট ভর্তি রয়েছে ৪০ শিশু। এ পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে মোট ১১৯ শিশু। এর মধ্যে বেশ কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। রোগীর চাপ সামাল দিতে কক্সবাজার সদর হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের জন্য আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে আলাদা নার্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা হয়েছে।

ডা. শহিদুল আলম বলেন, ‘প্রতিদিন কয়েকগুণ হারে রোগী বাড়ছে। রোগীর চাপ সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবে সবাই সহযোগিতা করলে পরিস্থিতি মোকাবিলা সম্ভব।’