
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে সুফিয়া রোড ও বারইয়ারহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আফিয়া খাতুন (৭০) ও কামাল উদ্দিন (৩৫)। দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আফিয়া মিরসরাই সদর ইউনিয়ন ও কামাল বারইয়ারহাট পৌর এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, রবিবার দুপুর ১২টার দিকে মহাসড়কের সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হতে গিয়ে ইম্পেরিয়াল এক্সপ্রেস নামের একটি বাসের ধাক্কায় আফিয়া নামের ওই বৃদ্ধা ঘটনাস্থলে প্রাণ হারান। তার সাথে থাকা কাগজপত্র দেখে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন বলে ধারণা করছে পুলিশ। এর আগে রবিবার সকালে মহাসড়কের বারইয়ারহাট এলাকায় মোটরসাইকেল, পিকআপ ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে কামাল উদ্দিন মারা যান। এসময় অন্তত চারজন কমবেশি আহত হন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন জানান, বারইয়ারহাটে দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে কামালের লাশ উদ্ধার করেছে পুলিশ। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চারটি গাড়ি জব্দ করা হয়েছে। আফিয়া ও কামালের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
