
পাবনার সাঁথিয়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতের শব্দে আতঙ্কে অসুস্থ হয়েছে এক কিশোর।
বৃহস্পতিবার বিকালে উপজেলার করমজা ও ধুলাউরি ইউনিয়নে এসব ঘটনা ঘটে বলে জানান সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম।
নিহতরা হলেন- উপজেলার করমজা ইউনিয়নের পুণ্ডুরিয়া গ্রামের আকরাম হোসেন (৪৪), সোনাতলা বাজারপাড়া এলাকার আবু সাইদ (৫০) এবং ধুলাউরি ইউনিয়নের বারয়ানী গ্রামের আব্দুল কুদ্দুস।
আহত মো. পারভেজ (১৫) সোনাতলা গ্রামের মো. রাজার ছেলে। তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্বজনরা জানান, বিকালে পুণ্ডরিয়া শ্মশান ঘাট এলাকায় গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান আকরাম। এ সময় আকাশ মেঘলা থাকলেও কোনো বৃষ্টি বা দমকা হাওয়া ছিল না। ঘাস কাটা অবস্থায় হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে করমজা ইউনিয়নের নাগডেমড়া এলাকায় মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে বজ্রপাতের শিকার হন আবু সাইদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, আবু সাইদ অত্যন্ত পরোপকারী মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একই সময় ধুলাউরি ইউনিয়নের বারোয়ানী গ্রামে মাঠ থেকে পেঁয়াজ নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কৃষক আব্দুল কুদ্দুস নিহত হন।
ওসি রফিকুল ইসলাম বলেন, বিকালে আকস্মিক বজ্রপাতে পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়।
