মার্চ মাসেও হ্রাস পেয়েছে দেশের রপ্তানি আয়। এ নিয়ে টানা ৮ মাস রপ্তানি আয়ে পতন অব্যাহত থাকল। মার্চে রপ্তানি খাতে আয় হয়েছে ৩ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে গত বছরের একই সময়ের (মার্চ ২০২৫) তুলনায় রপ্তানি কমেছে ১৮ দশমিক ০৭ শতাংশ।
উল্লেখ্য, বিগত ৮ মাস ধরে রপ্তানি আয় কমলেও মার্চ মাসে এই হার ছিল সবচেয়ে বেশি।

চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম ৯ মাসে (জুলাই থেকে মার্চ) আগের অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি কমেছে ৪ দশমিক ৮৫ শতাংশ। এসময় রপ্তানি খাতে ৩ হাজার ৫৩৯ কোটি ডলারের মতো আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩ হাজার ৭৭২ কোটি ডলারের কিছু বেশি।

বাংলাদেশে রপ্তানির প্রধান খাত তৈরি পোশাক শিল্পেও আয় কমেছে। দুর্বল বৈশ্বিক চাহিদা, ক্রেতাদের কম অর্ডার, ভূরাজনৈতিক উত্তেজনা এবং ইউরোপের বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে কয়েক মাস ধরেই রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।