ইরানের বেসামরিক স্থাপনায় হামলার হুমকি এবং যুদ্ধ পরিস্থিতির চরম অবনতি ঘটানোর আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছে। মার্কিন আইনপ্রণেতারা দেশটির সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের মাধ্যমে তাকে অবিলম্বে অপসারণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।


অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারী এই দাবিতে সর্বশেষ যুক্ত হয়ে বলেন, “ট্রাম্প একটি বিধ্বংসী ও অবৈধ যুদ্ধ উসকে দিচ্ছেন এবং ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিচ্ছেন। গত ৪৮ ঘণ্টায় তার বক্তব্য সব সীমা ছাড়িয়ে গেছে।”


এর আগে মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহান ওমর ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যা দিয়ে তাকে দ্রুত পদচ্যুত করার দাবি জানান। নিউ মেক্সিকোর মেলানি স্ট্যানসবারি এবং ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য জো ওয়ালশও একই সুরে কথা বলেছেন। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের কর্মকাণ্ড বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে এবং তিনি আরও হাজার হাজার মানুষের জীবন বিপন্ন করতে পারেন।


মূলত মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, যদি প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম বা অনুপযুক্ত হন, তবে মন্ত্রিসভা এবং ভাইস প্রেসিডেন্ট মিলে তাকে সরিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে পারেন।


১৯৬৭ সালে অনুমোদিত এই সংশোধনীর ৪ নম্বর ধারা অনুযায়ী, যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অধিকাংশ সদস্য মনে করেন যে প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে অক্ষম, তবে তারা লিখিতভাবে সেটি কংগ্রেসকে জানাতে পারেন। সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা কেড়ে নেওয়া হয় এবং ভাইস প্রেসিডেন্ট ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।