
নিহত সোহান
স্টাফ রিপোর্টার ঢাকা ডিজিট
জীবিকার সন্ধানে এক মাস আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানো ঠাকুরগাঁয়ের এক তরুণ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া সেই যুবকের জীবনই কেড়ে নিলো প্রবাসের নির্মম বাস্তবতা। নিহত সোহান ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল উপজেলার বাসিন্দা। তার পিতার নাম দুলাল মিয়া। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কেতলেহং এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) মাগরিবের সময় সোহান দোকানের মালিকের সঙ্গে একটি দোকানে কাজ করছিলেন।
এ সময় হঠাৎ লোডশেডিং হলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে যান। ঠিক তখনই আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।
পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উন্নত জীবনের আশায় দক্ষিণ আফ্রিকায় যান সোহান। কিন্তু বিদেশের মাটিতে মাত্র এক মাসের ব্যবধানে প্রাণ হারাতে হলো তাকে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
