
বলেন্দ্র শাহ (বালেন শাহ) দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপ কুমার সাহ-কে পদ থেকে অপসারণ করেছেন।
শাসক দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি (আরএসপি)-এর সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির সভাপতি রবি লামিছানে অভিযোগ করেন, দীপ কুমার সাহ তাঁর স্ত্রীর মেয়াদ শেষ হওয়ার পরও তাকে পুনরায় স্বাস্থ্য বীমা বোর্ডে নিয়োগ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, আরএসপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশন বুধবার সাহকে অপসারণের সুপারিশ করে। প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা দীপা দাহাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিকে মন্ত্রী অপসারণের পর প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ নিজেই এখন শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।
অন্যদিকে, রবি লামিছানে স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী নিশা মেহতা-কে সতর্ক করার সুপারিশও করেন। অভিযোগ ছিল, তিনি পুনর্নিয়োগের বিষয়টি গুরুত্বসহকারে দেখেননি। পরে প্রধানমন্ত্রী তাকে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের সহিংস ‘জেন জেড’ আন্দোলনের পর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঐতিহ্যবাহী দলগুলোকে পরাজিত করে চলতি বছরের মার্চে বলেন্দ্র শাহ (বালেন) ও আরএসপি ক্ষমতায় আসে। এই আন্দোলনের মূল দাবি ছিল প্রজন্মগত পরিবর্তন ও দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠা।
