
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নেওয়া এই পদক্ষেপে অংশ নিচ্ছে না যুক্তরাজ্য।
বিবিসি’র বিশ্বস্ত সূত্র জানায়, অবরোধ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাজ্য, তারা এই অবরোধে সরাসরি যোগ দিচ্ছে না। যদিও মধ্যপ্রাচ্যে তাদের মাইনসুইপার জাহাজ ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থা আগের মতোই সক্রিয় থাকবে।
যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখা তাদের অগ্রাধিকার। বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই অবস্থান গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ট্রাম্প দাবি করেছেন-এই অবরোধ কার্যক্রমে আরও কয়েকটি দেশ যুক্ত হবে। এমনকি ন্যাটো-ও প্রণালিটি নিরাপদ করতে সহায়তার প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ মাইনসুইপার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
তবে ন্যাটো কিংবা যুক্তরাজ্য-কেউই এখনো ট্রাম্পের এই দাবির সত্যতা নিশ্চিত করেনি।
বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও এলএনজি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ সম্পন্ন হয়। সম্প্রতি ইরান-সংক্রান্ত উত্তেজনার জেরে এই রুটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এদিকে কিয়ার স্টারমার আগেই জানিয়েছেন, চলমান এই সংঘাতে যুক্তরাজ্য সরাসরি সামরিকভাবে জড়াবে না।
