
যুদ্ধবিধ্বস্ত গাজায় ৫৩০ টন জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে আফগানিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার (১৫ এপ্রিল) সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মিসরে অবস্থানরত আফগানিস্তান সরকারের একটি প্রতিনিধিদল এ ত্রাণসামগ্রী পাঠিয়েছে। তারা ত্রাণ সংগ্রহ করে রাফা সীমান্ত দিয়ে গাজায় পৌঁছে দেয়।
আফগানিস্তানের পাঠানো ত্রাণের মধ্যে খাদ্যসামগ্রী, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস রয়েছে। এসব ত্রাণসামগ্রীর দাম প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার। গাজার প্রায় ২২ হাজার পরিবারের মধ্যে এ সহায়তা বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।
ফিলিস্তিন ইস্যুতে আফগানিস্তান আবারও তাদের দৃঢ় অবস্থান জানিয়েছে। দেশটি জানায়, ঐতিহাসিক বাস্তবতা ও ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের ভিত্তিতে এ সমস্যার সমাধান হওয়া উচিত।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার ৩৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭২ হাজার ফিলিস্তিনি নাগরিক।
গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ ও অভিযানের মাধ্যমে তা বারবার লঙ্ঘন করছে। যুদ্ধবিরতির পর থেকে অন্তত ৭৫৭ জন নিহত এবং ২ হাজার ১১১ জন আহত হয়েছেন বলে তারা জানিয়েছে।
এ অবস্থায় আন্তর্জাতিক মহলের আহ্বান সত্ত্বেও গাজায় খাদ্য, চিকিৎসা সামগ্রী ও আশ্রয় উপকরণসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত রয়েছে।
