উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার দাবি করেছেন, তিনি মুহাম্মদ ইউনূস-এর চেয়েও বেশি কর পরিশোধ করেছেন। তার ভাষ্য, “আমার এবং তার কর ফাইল পাশাপাশি রাখলে দেখা যাবে, আমি বাংলাদেশে তার চেয়ে বেশি কর দিয়েছি।”

বুধবার এক বৈশাখী আড্ডায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন।

ড. ইউনূসের সমালোচনা করে তুষার বলেন, তিনি নোবেল পুরস্কার, গ্রামীণফোন ও গ্রামীণ ব্যাংকের কর মওকুফ করিয়েছেন এবং কর দিতে আগ্রহী নন। ‘সোশ্যাল বিজনেস’ বিষয়ক তার বইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে কর না দেওয়ার বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। তবে তুষারের মতে, সাধারণ মানুষ উন্নয়নে অংশগ্রহণ করে মূলত কর দেওয়ার মাধ্যমেই।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, একটি সংবাদমাধ্যম কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে-বিপক্ষে থাকে না; বরং দেশের স্বার্থে কাজ করাই তার দায়িত্ব।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে আব্দুন নূর তুষার বলেন, মুক্তিযুদ্ধ মূলত বাংলাদেশের পক্ষে একটি অবস্থান। তাই যে কেউ মুক্তিযুদ্ধের বিরোধিতা করলে, তা দেশের স্বার্থের বিরোধিতার শামিল। তিনি মনে করেন, রাজনৈতিক বিভাজনের পরিবর্তে ‘বাংলাদেশের পক্ষে ও বিপক্ষে’এই দৃষ্টিভঙ্গিতেই বিষয়গুলো মূল্যায়ন করা উচিত।