কক্সবাজারে এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও আহতদের বিষয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ওই আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
ফেসবুক পোস্টে লুৎফর রহমান কাজল লেখেন, প্রধানমন্ত্রী সরাসরি ফোন করে এন আলম গ্যাস স্টেশনের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ও আহতদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে মানবিক নেতার প্রতীক হিসেবে উল্লেখ করেন।

এদিকে, অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়েছে। অন্য চারজনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত রাতে কক্সবাজারের কলাতলীতে একটি এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা দ্রুত পাশের গ্যারেজ ও কয়েকটি বসতঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাম্পের পাশাপাশি অন্তত ২০টি যানবাহন ও কয়েকটি ঘর পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, পাম্পটি সম্প্রতি উদ্বোধন করা হয়েছিল। পাইপের লিকেজ থেকে গ্যাস বের হতে থাকলেও মেরামতের চেষ্টা ব্যর্থ হয়, যার ফলে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।