ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন- এমন জল্পনার মধ্যেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মন্তব্য করেছেন, ‘আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি খুব বড় সমস্যা নয়।’

এনবিসি নিউজের এক প্রতিবেদকের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে বিভিন্ন সূত্রে জানানো হয়, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় তেহরানসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। এতে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে আঘাত করার চেষ্টা করা হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন।

বিশ্লেষকরা বলছেন, পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, শীর্ষ পর্যায়ে ক্ষয়ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তেহরান। তবে একই সঙ্গে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার বার্তাও দিচ্ছে।