
ইরানের প্রতিশোধমূলক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় নিজেদের সেনা নিহতের তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। আইডিএফ নিশ্চিত করেছে হামলায় নিহত হয়েছে তাদের দুইজন সেনা। রোববার (১ মার্চ) এ খবর জানায় বিবিসি।
এক ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র এফি ডিফ্রিন বলেন, ‘যদিও আমাদের ব্যাপক পরিসরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে, তবুও এটি এখনও নির্ভুল নয়।’ এছাড়া ডিফ্রিন ইসরায়েলের জনগণকে কর্তৃপক্ষের নির্দেশাবলী অনুসরণ করার এবং আক্রমণের সময় আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছেন।
আইডিএফ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে জানান তিনি। বলেন, ‘ইসরায়েল আরও আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন সেনাবাহিনীর সাথে কাজ করছে। আমরা আমাদের জন্য নির্ধারিত সমস্ত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত এই অভিযান চালিয়ে যাব।’
এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে আক্রমণ শুরু হওয়ার পর থেকে ৪৫৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে ৮৬ জন এখনও হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।’
