
ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার একদিন পরই নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১ মার্চ) সকালে নিজের মারে লাগো ক্লাব থেকে দ্য আটলান্টিক ম্যাগাজিনের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, ‘তারা কথা বলতে চায়, আর আমি কথা বলতে রাজি হয়েছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব।’
তিনি আরও বলেন, ‘তাদের এটা আগেই করা উচিত ছিল। খুবই বাস্তব ও সহজ একটি সমাধান তারা আগেই দিতে পারত। তারা অনেক দেরি করেছে।’
ইরানিদের সঙ্গে আলোচনা আজ নাকি আগামীকাল—এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি সেটা বলতে পারছি না।’ তবে ইঙ্গিত দেন, সাম্প্রতিক হামলায় আলোচনায় যুক্ত থাকা ইরানের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আর জীবিত নেই।
ট্রাম্প বলেন, ‘আমরা যাদের সঙ্গে আলোচনা করছিলাম, তাদের অনেকেই আর নেই। সেটা ছিল বড় আঘাত। তারা আগেই চুক্তি করতে পারত। তারা খুব বেশি কৌশলী হওয়ার চেষ্টা করেছে।’
