
মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে হামলার ঠিক আগমুহূর্তে ইরানের দুটি বোমারু বিমান ভূপাতিত করেছে কাতারের যুদ্ধবিমান। সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছে অভিযানের বিষয়ে অবগত দুটি সূত্র।
সোমবার (২ মার্চ) সকালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সোভিয়েত আমলের দুটি সু-২৪ কৌশলগত বোমারু বিমান পাঠায় কাতারের আল-উদেইদ বিমানঘাঁটির দিকে। এই ঘাঁটিতে সাধারণত প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করেন। একই সঙ্গে কাতারের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি রাস লাফান প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রও লক্ষ্যবস্তু ছিল।
একটি সূত্রের দাবি, ইরানি জেট দুটি লক্ষ্যবস্তু থেকে ‘মাত্র দুই মিনিট’ দূরে ছিল। আরেক সূত্র জানায়, বিমানগুলোকে শনাক্ত করা হয় এবং তাতে ‘বোমা ও নির্দেশিত অস্ত্র’ বহনের প্রমাণ পাওয়া যায়।
কাতার প্রথমে রেডিও বার্তার মাধ্যমে সতর্কবার্তা পাঠায়, তবে কোনো সাড়া পাওয়া যায়নি। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, রাডার এড়াতে ইরানি বিমান দুটি প্রায় ৮০ ফুট নিচু উচ্চতায় উড়ছিল। ‘সময় সংকট’ ও ‘উপলব্ধ প্রমাণের ভিত্তিতে’ সেগুলোকে ‘শত্রুভাবাপন্ন’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।
এরপর কাতার তাদের যুদ্ধবিমান পাঠায়। একটি কাতারি এফ-১৫ যুদ্ধবিমান আকাশযুদ্ধে জড়িয়ে ইরানি জেট দুটিকে ভূপাতিত করে। বিমান দুটি কাতারের আঞ্চলিক জলসীমায় বিধ্বস্ত হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, বিধ্বস্ত যুদ্ধবিমানের ক্রুদের খোঁজে অনুসন্ধান অভিযান চলছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান ইতোমধ্যে উপসাগরীয় আরব দেশগুলোর দিকে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর এই উত্তেজনা আরও তীব্র হয়েছে।
বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যুর পর প্রতিবেশী দেশের বিরুদ্ধে ইরানের মানবচালিত যুদ্ধবিমান ব্যবহারের এটি প্রথম ঘটনা। একই সঙ্গে কাতারের বিমানবাহিনীর ইতিহাসেও এটি প্রথম সরাসরি আকাশ-থেকে-আকাশ যুদ্ধের অভিজ্ঞতা।
