
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যে স্কুল ও কলেজের জন্য একটি র্যাংকিং সিস্টেম চালু করা হবে। গুণগত মান, পরিচালনা ব্যবস্থা, শিক্ষার পরিবেশ এবং ফলাফলের সূচকের ভিত্তিতে এই র্যাংকিং নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী সরকারি দপ্তরগুলোকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান। তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী অফিসিয়াল কাজে গাড়ি শেয়ারিং, বিদ্যুৎ ব্যবহারে সংযম এবং এসির তাপমাত্রা নির্ধারিত মাত্রায় রাখার নির্দেশনার কথা উল্লেখ করেন।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে এই অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা শিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম পবিত্র দায়িত্ব।’
এসময় শিক্ষামন্ত্রী কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় শিক্ষা মন্ত্রণালয় ও পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
