
পটুয়াখালীর বাউফল উপজেলায় মারিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা রিয়াজ আকনের মেয়ে এবং ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার (৭ মার্চ) ভোররাতে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঢাড়ি বাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে একই ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রাশেদের সঙ্গে মারিয়ার বিয়ে হয়। বিয়ের পর তিনি স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অভিমানের জেরে মারিয়া আক্তার ফসলের পোকা দমনের বিষ পান করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে তাকে গুরুতর অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা রিয়াজ আকন বাদী হয়ে বাউফল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
