শিবপুর উপজেলার সৃষ্টিঘর এলাকায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক নারীকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি সন্দেহজনক মনে করে ডাক-চিৎকার করতে থাকেন ভুক্তভোগী। পরে স্থানীয় জনতা এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলার সৃষ্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মনির মিয়া (৩০) নেত্রকোনার পূর্বধলা থানার মাতাং গ্রামের মৃত আ. রহমানের ছেলে। ভুক্তভোগী হালিমা বেগম (৬০) শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের বঙ্গারটেক গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী।

এলাকাবাসী জানান, মনির মিয়া মোটরসাইকেল দিয়ে হালিমার বাড়িতে যান। মনির নিজেকে আইনের লোক পরিচয় দিয়ে হালিমাকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখান। পরে হালিমাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে ডাক-চিৎকার শুরু করেন হালিমা। এলাকাবাসী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

হালিমা বেগম জানান, মনির মোটরসাইকেল দিয়ে বাড়িতে গিয়ে বলেন তিনি আইনের লোক। ফ্যামিলি কার্ড অন্য লোক দিলে টাকা লাগবে। তিনি দিলে কোনো টাকা লাগবে না। তাকে সরকার দায়িত্ব দিয়েছে ফ্যামিলি কার্ড করে দেওয়ার জন্য। ভোটার আইডি কার্ড দিতে বলেন এবং ইউপি সদস্য লাকী বেগমের বাড়িতে যাওয়ার কথা বলেন। তার কথা মতো মোটরসাইকেলে ওঠেন তিনি। বাড়ির পাশের সৃষ্টিঘর পৌঁছে দেখেন তিনি অন্য রাস্তায় চলে যাচ্ছেন। তার মতলব ভালো না। সন্দেহ হলে ডাক-চিৎকার শুরু করেন তিনি। এ সময় কানের স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তবে অভিযুক্ত মনির হোসেন জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। এগুলো মিথ্যা। 

শিবপুর থানার ওসি কোহিনূর মিয়া বলেন, অপহরণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।