
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের আগে অংশীজনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু হবে ৩১ মার্চ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রথম দিন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন (অ্যাটকো) আলোচনায় অংশ নেবে।
একই দিন দুপুর আড়াইটায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা প্রাক-বাজেট আলোচনায় অংশ নেবেন। আলোচনায় সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
এনবিআরের প্রধান বাজেট সমন্বয়কারীর দপ্তর থেকে সংগঠন দুটির কাছে পাঠানো চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে। রাজস্ব ভবনের সম্মেলনকক্ষে সভার স্থান নির্ধারণ করা হয়েছে। প্রথম দিন আলোচনার পর পর্যায়ক্রমে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী সংগঠন, অর্থনীতিবিদসহ সর্বস্তরের অংশীজনদের সঙ্গে বাজেটে তাদের প্রস্তাব নিয়ে আলোচনা শুনবে এনবিআর।
জানা গেছে, আসন্ন বাজেটে দেশের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি উন্নয়নে গুরুত্ব দিতে চায় সরকার।
সেই লক্ষ্যে এই প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
