
রাজধানীর খিলক্ষেতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসির (ডেসকো) কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে খিলক্ষেতের খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. রাজিব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও ফরিদ জামান (৬৪)।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, নিহতদের মধ্যে রাজীব হোসেনের বাড়ি বরগুনা সদরের ফুলঝুড়িতে।
তার বাবার নাম মোনায়েম হোসেন। রাজ্জাক মিয়ার বাড়ি বরগুনা সদরের বাসুকি এলাকায়। তার বাবার নাম চাঁন মিয়া। আর ফরিদ জামানের বাবার নাম আব্দুস ছালাম।
তার বাড়ি জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায়।
খিলক্ষেত থানার ওসি আব্দুল আলীম বলেন, বিকেলে ডেসকোর একটি দল ঘটনাস্থলে কাজ করছিল। তারা খাঁপাড়ার মন্দিরের পাশে তারের একটি বড় রোল ক্রেন দিয়ে ওপরে তোলার চেষ্টা চালান। তখন পাশের একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে লেগে রোলের তার বিদ্যুতায়িত হয়।
এতে সেখানে থাকা পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং একজনকে আসিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষ-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডেসকোর প্রধান প্রকৌশলী মনজুরুল হক বলেন, ওই জায়গায় ডেসকোর আউটসোর্সিং (সাব-ঠিকাদার) কম্পানির কর্মীরা বিদ্যুতের তার বসাচ্ছিলেন।
এ সময় কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হয়। পরে ওই তিনজন মারা যায়। বর্তমানে তিনজনের লাশ হাসপাতালে রাখা হয়েছে।
