ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য গতি দেখা দিয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ৮ দিনেই দেশে এসেছে ১০৩ কোটি ২০ লাখ বা ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ৯০ লাখ ডলার। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৭ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাস থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৬ কোটি ৫০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি।

এর আগে জানুয়ারি মাসে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এটি দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে বিবেচিত।

এদিকে ডিসেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স। এ ছাড়া নভেম্বরে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।