
কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের নান্দলা এলাকায় দুই বাসের সংঘর্ষ
কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের নান্দলা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে বাস দুটি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার নান্দলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে করিমগঞ্জগামী অছিম পরিবহন এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী মিনহাজ পরিবহনের একটি বাস নান্দলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে মিনহাজ পরিবহনের চালক গুরুতর অবস্থায় রয়েছেন। অন্য বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত একটি বাস সরিয়ে নেয়। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
